
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উত্থাপন করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বিদেশের মাটিতে তাঁর সঙ্গে এ ধরনের হয়রানিমূলক আচরণের ঘটনায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি এবং দেশের নাগরিকদের সম্মান ক্ষুণ্ন করেছেন। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।














































